Search

Search

থাইল্যান্ডকে হারিয়ে টানা পঞ্চম জয়

বিশ্বকাপের মূল পর্বের পথে বাঘিনীরা

ম্যাচ সেরা: শোভনা মোস্তারি (বাংলাদেশ) ৫৯ (৪২) | ছবি: সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। কাঠমান্ডুতে অনুষ্ঠিত সুপার সিক্স পর্বের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে আবারও নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে বাঘিনীরা। এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে পৌঁছানোর পথে এক পা এগিয়ে গেল বাংলাদেশ।

মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তার আউট হন, আর দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরেন শারমিন আক্তার সুপ্তা। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দল।

সেই চাপ সামাল দিয়ে ইনিংস গুছিয়ে নেন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। ধৈর্য ও আগ্রাসনের সুন্দর মিশেলে তারা গড়ে তোলেন বড় জুটি। জুয়াইরিয়া ৪৫ বলে করেন দায়িত্বশীল ৫৬ রান, যেখানে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। অন্যদিকে সোবহানা আরও আক্রমণাত্মক ব্যাটিং করে ৪২ বলে ৫৯ রান করেন-তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কা।

এই জুটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। ১৫.৩ ওভারে ১২২ রানে ভাঙে তাদের ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। শেষদিকে রিতু মনির ১৫ রানের ঝরঝরে ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।

থাইল্যান্ডের পক্ষে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন থিপাচা পুত্থাওং। তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। ফান্নিতা মায়া ও অনিচা কামচোমফুও নেন দুটি করে উইকেট।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ড শুরুতে কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। নাত্থাকান চান্থাম দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন। দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটি গড়লেও প্রয়োজনীয় রানরেটের চাপে ম্যাচে ফেরার সুযোগ পায়নি তারা।

মাঝের ওভারগুলোতে স্বর্ণা আক্তার ও রিতু মনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। স্বর্ণা ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট, আর রিতু মনি ২০ রান খরচায় শিকার করেন ২টি উইকেট। শুরু ও শেষ দিকে মারুফা আক্তার ছিলেন কার্যকর-৪ ওভারে ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে থাইল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১২৬ রান। ফলে ৩৯ রানের বড় জয় নিয়ে সুপার সিক্সে টানা তৃতীয় এবং পুরো টুর্নামেন্টে টানা পঞ্চম জয় নিশ্চিত করে বাংলাদেশ।

সম্পর্কিত খবর :