Search

Search

পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীর ছেলে ৪ দিনের রিমান্ডে

সৈয়দ সোহানুর রহমান সিয়াম | সংগৃহীত
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থার সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে দুদকের মামলায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত চারদিন মঞ্জুর করেন।

এসময় আদালতে সিয়ামের আইনজীবী তৌহিদুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। দুদকের আইনজীবীদের মধ্যে পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলামসহ অনেকে তার রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। গত বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক আল আমিন তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ ২৬ জানুয়ারি দিন ধার্য করেন।

শুনানিতে সিয়ামের আইনজীবী আদালতে বলেন, 'সিয়াম ওইদিন তার বাবার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও দুদক যে অভিযোগ করেছে তা ২৭ (১) ধারা অনুযায়ী। আমার কথা হচ্ছে এ অপরাধ সে কয়বার করেছে?। দুদক এর আগে একবার চার্জশিট দিয়েছে তার বিরুদ্ধে । তার বাবার বাবার নামে সাথে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের যে অভিযোগ এনেছে সেখানে কত টাকা আছে তা উল্লেখ করেনি। দুদক একই অভিযোগ সবখানে করেছে । এটাতো দ্বিমুখী আচরণ করছে'।


এর আগে গত ৫ জানুয়ারি আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে মামলা করে দুদক। তিনটি মামলার এজাহার থেকে জানা যায়, সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়াও আবেদ আলীর বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। অন্যদিকে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়। এছাড়া আবেদ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

সম্পর্কিত খবর :