Search

Search

নিরপেক্ষ নির্বাচন নিয়ে শতভাগ আস্থা আছে কূটনীতিকদের: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন | ছবি: ভিডিও থেকে নেওয়া
বিদেশি কূটনীতিকরাঅবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি তাদের সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন সিইসি এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কী কী প্রস্তুতি নিয়েছি তার সমস্ত প্রক্রিয়া সম্পর্কে তাদেরকে জানিয়েছি। তারা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে, তারা একটি স্বচ্ছ নির্বাচন বিষয়ে কমিশনের প্রতি খুবই আস্থাশীল।’

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রধান নির্বাচন কমিশনের আমন্ত্রণে ব্রিফিং এ যোগ দেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে, আইনশৃঙ্খলা সহ নির্বাচন ঘিরে কমিশনের প্রস্তুতি, প্রবাসীদের ভোট প্রক্রিয়া সহ নানা বিষয় তুলে ধরা হয়।

ব্রিফিং শেষে সিইসি জানান, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে কূটনীতিকদের এই কমিশনের ওপর আস্থা আছে। তবে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ছিল না কারও কোন প্রশ্ন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের কর্মকাণ্ড পুরোটা তাদের সামনে তুলে ধরেছি। আমরা তাদেরকে জানিয়েছি যে- এখানে লুকচুরির কোনো ব্যাপার নাই। আমরা ইনশাআল্লাহ একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারব। এ বিষয়ে তারা আশাবাদী।’

তিনি বলেন, ‘প্রস্তুতির পাশাপাশি তারা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বিষয়ে আমাদের পরিকল্পনা কী তা জানতে চেয়েছেন, আমরা তাদের জানিয়েছি যে- নির্বাচন উপলক্ষে আমরা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার মোতায়েন করব।’

তিনি আরও বলেন, ‘তারা আমাদের কর্মপরিকল্পনা সম্পর্কে খুব ভালোভাবে বুঝেছেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন। আগামীতে তারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার- আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

সম্পর্কিত খবর :