এবার দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম। ভরিতে ১৫ হাজার ৭৪৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এরআগে শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমিয়ে স্বর্ণের মূল্য ঘোষণা করে বাজুস। সে সময় ২২ ক্যারেট হলমার্ককৃত প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকা।
শনিবার নতুন দাম অনুযায়ী- ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ১৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে, বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) স্বর্ণের দাম ৮ শতাংশের বেশি কমে প্রতি আউন্স প্রায় ৪ হাজার ৯০০ ডলারে নেমে এসেছে।
শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ব্যাপক দরপতন দেখা গেছে।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স ৪ হাজার ৮৯০ ডলারে। এর আগের দিন প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার। আর বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলারের ওপরে উঠে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়ে।
রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মাত্র দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৬৬০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৮০ হাজার ৫০০ টাকারও বেশি। স্বল্প সময়ের মধ্যে এমন বড় পতন বিশ্ব স্বর্ণবাজারে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।