বিশ্ববাজারে আবারও রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, মার্কিন ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দাম নতুন করে ইতিহাস সৃষ্টি করেছে। মূল্যবান এ ধাতুর দাম আউন্সপ্রতি ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছে, যা ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। শুধু স্বর্ণ নয়, রুপার দামও ১.২ শতাংশ বেড়ে নতুন রেকর্ড গড়েছে।
এক মাস আগেও এক আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৩০০ ডলার।
বাজার বিশ্লেষকদের মতে, ইরাননের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ বেশি কিনছেন বিনিয়োগকারীরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, পারমাণবিক চুক্তি না হলে আরও বড় সামরিক হামলা হতে পারে। এই বক্তব্যে বাজারে উদ্বেগ আরও বেড়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এটি কেবল বাজারের স্বাভাবিক ওঠানামা নয়; বরং বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও নীতিগত অস্থিরতার সম্মিলিত প্রতিফলন।
স্বর্ণ বরাবরই ‘সেইফ হ্যাভেন’ বা নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, বাণিজ্যযুদ্ধ কিংবা বড় অর্থনৈতিক ঝুঁকির আশঙ্কা দেখা দিলে বিনিয়োগকারীরা শেয়ার ও মুদ্রার মতো ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে সোনার দিকে ঝোঁকেন।
বর্তমানে বিশ্ব রাজনীতির উত্তাপ সেই অনিশ্চয়তাকেই আরও তীব্র করেছে।
বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোও ব্যাপক হারে স্বর্ণ কিনছে। ডলার নির্ভরতা কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিরাপদ রাখতে তারা স্বর্ণকে বেছে নিচ্ছে। এই ‘ডি-ডলারাইজেশন’ প্রবণতা স্বর্ণের দামে দীর্ঘমেয়াদি চাপ সৃষ্টি করছে।