Search

Search

বাংলাদেশের বাদ পড়া ও স্কটল্যান্ডের অংশগ্রহণের ব্যাপারে আইসিসির বিবৃতি

বাংলাদেশ ক্রিকেট দল | সংগৃহীত
সংবাদ মাধ্যমে খবরটা ঘণ্টা চারেক আগেই এসেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, তাদের পরিবর্তে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। এবার আইসিসিও বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া বাংলাদেশকে সিদ্ধান্তের জন্য গত বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। বৃহস্পতিবার বিসিবি ও লিটন দাসদের সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান বাংলাদেশ আগের সিদ্ধান্তেই অনড় আছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর ব্যাপারে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে। এর দুদিন পর বাংলাদেশকে বাদ দেওয়ার অফিসিয়াল ঘোষণা দিয়েছে আইসিসি।


বিবৃতিতে আইসিসি বলেছে, ‘প্রকাশিত ম্যাচ সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অংশ নিতে অস্বীকৃতি জানানোয় আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর প্রতিদ্বন্দ্বিতা করবে না। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তারা ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যোগ দেবে।’

বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানায় নিরাপত্তা শঙ্কায়। সম্প্রতি দেশটিতে বাংলাদেশি সন্দেহে বেশ কয়েকজনকে পিটিয়ে মারা হয়েছে। তবে আইসিসি ভারতে বাংলাদেশের নিরাপত্তা হুমকি খুঁজে পায়নি বলে জানিয়েছে। ‘বাংলাদেশ জাতীয় দলের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। তাই আইসিসি বিসিবির ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। শ্রীলঙ্কা টুর্নামেন্টটির সহআয়োজক, যা আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে।’

আইসিসি বলছে, টুর্নামেন্ট ‍শুরুর এত কাছাকাছি এসে ম্যাচ স্থানান্তরের অনুরোধ রক্ষা করা সম্ভব হয়নি। ‘স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছিল অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে। টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে বিসিবির অনুরোধগুলো পূরণ করা সম্ভব নয়। তাই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

সম্পর্কিত খবর :