সমালোচনা নয়, এখন সময় দেশ গড়ার: তারেক রহমান
বিএনপি শান্তিতে বিশ্বাস করে মন্তব্য করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বিএনপি ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না। সেজন্য আমি কারও সমালোচনাও করছি না। আমি যদি কারও সমালোচনা করি, তবে কারও লাভ হবে? পেট ভরবে? তাই এখন আর সমালোচনা নয়, এখন সময় দেশ গড়ার।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে দুপুর ২টায় তারেক রহমান মঞ্চে উঠলে নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এসময় তিনিও হাত নেড়ে জবাব দেন।
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দেশ গণতন্ত্রের দিকে নাকি অন্যদিকে যাবে, ১২ তারিখে দেশের মানুষকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণতন্ত্র ধরে না রাখতে পারলে মেগা প্রকল্প, জনগণের প্রকল্প হবে না। যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে।’
কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান। সঠিক তদন্ত করে দেশের আইন অনুযায়ী বিচার করতেও বলেন তারেক রহমান।
পদ্মাপাড়ের মানুষের উদ্দেশে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন পদ্মা ব্যারেজ করার; যেটি হলে সবাই সুবিধা ভোগ করবেন বলে মন্তব্য করেন। সেই সঙ্গে রাজশাহীর আমের জন্য হিমাগার করা এবং কর্মসংস্থান তৈরি করার কথাও বলেন।
তারেক রহমান বলেন, ‘গেল ১৭ বছর দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি। মেগাপ্রকল্পের নামে মেগাদুর্নীতি হয়েছে। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু বরেন্দ্র প্রকল্প আজ বন্ধ। ক্ষমতায় গেলে এই প্রকল্প চালু করতে চাই, খাল খনন করতে চাই, পদ্মা নদী খনন করতে চাই।’
এ সময় রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল করার অঙ্গীকার করেন তারেক রহমান। বলেন, ‘ধানের শীষ জয়ী হলে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন।’
এর আগে দুপুর সোয়া ১২টায় তারেক রহমান বিমানযোগে পদ্মা পাড়ের বিভাগীয় শহর রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। পরে তিনি নগরীর দরগাপাড়ায় অবস্থিত হজরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করেন।