কামরাঙ্গীরচরে বাথরুমের বালতিতে পড়ে শিশুর মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরের চান মসজিদ এলাকায় একটি বাসায় বাথরুমের বালতির পানিতে পড়ে ফারজানা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২২ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগ নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুর মা সাহেদা আক্তার ময়না জানান, আমার স্বামী অটোরিকশা চালক সন্ধ্যার দিকে ঘরে বসে মোবাইল দেখতে ছিল। আমি কাজে ব্যস্ত ছিলাম। ওই ফাঁকে আমার মেয়ে বাথরুমে ঢুকে বালতি ভর্তি পানিতে পড়ে যায়। পরে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে দেখি বালতির মধ্যে মাথা নিচে ও পা উপর দিক হয়ে পড়ে আছে। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া শিশুর মরদেহ নিয়ে যাবে বলে ক্যাম্প পুলিশ জানায়।