১০৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।
বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের ‘সাধারণ ডায়েরি’র প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত বছরের ১ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ১০৫টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।
হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার বিভিন্ন অফিসারের উপস্থিতিতে উদ্ধারকৃত ১০৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও বিগত ১ বছরে পল্টন মডেল থানা পুলিশ কর্তৃক প্রায় ৬০০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।