Search

Search

শরীয়তপুরে মাদকের আড্ডাখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

শরীয়তপুরের ডামুড্যায় মাদকের আড্ডায় অগ্নিসংযোগের অভিযোগ | ছবি: স্টার নিউজ
শরীয়তপুরেরডামুড্যায় “মাদককে না বলি, সুস্থ সবল জীবন গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে বিক্ষুব্ধ জনতা মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করে এবং একটি কথিত মাদকের আড্ডায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় ধানকাঠি ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে দশমনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় বক্তারা মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক কোনো সমাধান নয়; এটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকাসক্তি জীবন ধ্বংস করে দেয়। তাই পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত এ ধরনের কর্মসূচি প্রয়োজন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন শরীয়তপুর৩- আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম, ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, বিএনপি নেতা গোলাম সরোয়ার, যুবদল নেতা মো. মনির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিকরা।

সভা শেষে বিক্ষুব্ধ জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা একই এলাকার মো. ভুট্টো সর্দারের কথিত মাদকের আড্ডায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে পরিস্থিতি বুঝতে পেরে আগেই এলাকা ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত ভুট্টা সরদার। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী ভুট্টা সরদারের ছেলে তামিম সরদার বলেন, বাবা কাজের সন্ধানে ঢাকা গিয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন জানান, আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি ধানকাটি ইউনিয়নের একাধিক মাদক মামলার আসামি ভুট্টা সরদারের আস্তানা ভাঙচুর করে আগুন দিয়েছেন স্থানীয়রা। জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর :