ফ্রান্সে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ
ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এর অফিসে তল্লাশি চালিয়েছে দেশটির সাইবার ক্রাইম ইউনিট। এক্সের অ্যালগরিদমের অপব্যবহার ও প্রতারণামূলকভাবে তথ্য সংগ্রহের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইউরোপোল ও ফরাসি পুলিশের সহায়তায় প্যারিস প্রসিকিউটরের কার্যালয়ের সাইবার ক্রাইম ইউনিট এই তল্লাশি অভিযান পরিচালনা করে।
প্যারিস প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে জানায়, গত এক বছর ধরে এক্সের কার্যক্রম নিয়ে যে তদন্ত চলছে, তারই অংশ হিসেবে এই তল্লাশি। এতে মূলত প্ল্যাটফর্মটির অ্যালগরিদম কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং তথ্য সংগ্রহে কোনো ধরনের প্রতারণা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রক’–এর কর্মকাণ্ড নিয়ে অভিযোগ ওঠার পর তদন্ত আরও বিস্তৃত করা হয়েছে বলে জানায় প্রসিকিউটর কার্যালয়। বিবৃতিতে বলা হয়, এক ফরাসি আইনপ্রণেতা এক্সের অ্যালগরিদমকে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে দাবি করা হয়, এক্সের স্বয়ংক্রিয় ডেটা প্রক্রিয়াকরণ ব্যবস্থা স্বাভাবিক কার্যক্রমে গুরুতর ব্যাঘাত সৃষ্টি করতে পারে। ওই অভিযোগের ভিত্তিতেই নতুন করে তদন্ত শুরু করা হয়েছে।
প্রসিকিউটর কার্যালয় জানায়, ফ্রান্সে এক্সের কার্যক্রম দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলছে কি না, তা যাচাই করাই এই তদন্তের মূল উদ্দেশ্য।
এদিকে এক্সের এআই চ্যাটবট ‘গ্রক’-এর বিরুদ্ধে নতুন করে আরও গুরুতর অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে শিশু পর্নোগ্রাফি–সংক্রান্ত ছবি সংরক্ষণ ও প্রচার এবং যৌন অসঙ্গতিপূর্ণ ডিপফেক কনটেন্টের মাধ্যমে ব্যক্তির ইমেজ বা ব্যক্তিগত অধিকার লঙ্ঘনের অভিযোগ।
তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনোকে আগামী ২০ এপ্রিল আদালতে শুনানিতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে। এক্সের আরও কয়েকজন কর্মীকেও সাক্ষী হিসেবে ডাকা হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত এক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত জুলাই মাসে একই ধরনের অভিযোগ অস্বীকার করে ইলন মাস্ক বলেছিলেন, ফরাসি প্রসিকিউটররা রাজনৈতিক উদ্দেশ্যেই এই তদন্ত শুরু করেছেন।