বরিশালের জনসভায় তারেক রহমান
দীর্ঘ দুই দশক পর বরিশালে পৌঁছে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে করে বরিশালে পৌঁছানোর পর বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৫ মিনিটে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে জনসভায় উপস্থিত হন তিনি।
বিএনপি চেয়ারম্যান মঞ্চে উঠলে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তারেক রহমানও হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।
তারেক রহমান এ সমাবেশ থেকে বরিশাল বিভাগের ২১ আসনের বিএনপি ও জোটের শরিক দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া। আর তার ছেলে তারেক রহমান সর্বশেষ বরিশাল সফর করেছিলেন ২০০৬ সালের ১৪ মে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি তৃণমূল বিএনপির কর্মী সভায় অংশ নিয়েছিলেন।
বরিশালের জনসভা শেষ করে দুপুর ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সেখানে জনসভা শেষে বিএনপি নেতা হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরবেন।