Search

Search

মোহাম্মদপুরে সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার আসামিরা | ছবি: সৌজন্য
রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে হত্যা মামলার পলাতক আসামি শাওন (২৩) সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক ও বিস্ফোরক উদ্ধার করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা পর্যন্ত মোহাম্মদপুরের শোনা মিয়ার টেক, চাঁদ উদ্যান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬)।

বসিলা আর্মি ক্যাম্পের কাছে গোয়েন্দা তথ্য আসে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা হত্যা মামলার মূল আসামি শাওন এলাকায় অবস্থান করছে। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে প্রকাশ্যে একজন ব্যক্তিকে হত্যা করতে দেখা যায়। সেনাবাহিনীর একটি অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শাওনকে গ্রেপ্তার করে। একই অভিযানে তার সহযোগী আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগান গুলি, ১টি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, ১টি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা, ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, ৪টি ফোন, ৫৮টি বিদেশি কয়েন, মাদক পরিমাপের জন্য ১টি ওজন মেশিন।

অভিযানের পর স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর টহল দলকে ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, ‘‘শাওন গ্যাং’ দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল।’

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। যার সিসিটিভি ফুটেজ হাতে পেয়ে আমরা তাকে চিহ্নিত করি। তাকে গ্রেপ্তারে গতবছর কয়েকটি অভিযান পরিচালনা করা হলেও পাওয়া যায়নি। রাতে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সম্পর্কিত খবর :