আবু সাঈদের মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের অপেক্ষা
চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এখন মামলাটি রায়ের অপেক্ষায় রাখা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীরের দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদারসহ অন্যরা। আসামিপক্ষে আইনজীবী আজিজুর রহমান দুলু, আবুল হাসানসহ অন্যরা ছিলেন।
প্রসিকিউশন এ মামলার ৩০ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
পরে আসামিপক্ষে আইনজীবী আমিনুল গণি টিটো, আজিজুর রহমান দুলু, আবুল হাসান এবং পলাতকদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। তারা আসামিদের বেকসুর খালাস চেয়েছেন।
এ মামলায় ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন; ২৪ জন পলাতক।
প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা এ মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি। অকাট্যভাবে আমরা মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছেন, অর্থাৎ যে-কোনো দিন রায় দেওয়া হবে।’
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইয়রেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন তারই বিশ্ববিদ্যালয়ের গেইটে। তিনি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ। ওইদিন সারা দেশে তিনিসহ অন্তত ছয় জন নিহত হন।