নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, ‘আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্যদের শপথ করানোর কথা হচ্ছে স্পিকারের। স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। উনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন। বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় উনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম অবস্থা আছে বলে আমি মনে করি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের আইনে আছে উনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন, তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। দুই হচ্ছে তিন দিনের মধ্যে যদি এই শপথটা না হয়, তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত।’
আসিফ নজরুল বলেন, ‘আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে দুইটা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোন ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে তিন দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্পদ সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই।’