টিকিট নেই ৫২২০ যাত্রীর, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখ টাকা
সারাদেশে একদিনে ১৪৯টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ৫ হাজার ২২০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ফেসবুকের ভেরিফায়েড পেজে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ২০৬ জন টিটিই কাজ করেছেন। তারা ১৪৯টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৫ হাজার ২২০ জন।
অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৬১০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৫২৫ টাকা। এতে সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা। ওইদিন মোট ৩ হাজার ৭৭৫টি টিকিট যাচাই করা হয়।