রাজধানীর মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত শিক্ষার্থী
রাজধানীর মিরপুর লালকুঠি এলাকায় দুর্বৃত্তদের ছুরি ও চাপাতির আঘাতে শুভ (১৪) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার (৪ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় মিরপুর দারুস সালাম থানাধীন লালকুঠি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত শুভ সিদ্ধান্ত হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
আহতের বড় ভাই রায়হান জানান, দারুস সালাম থানাধীন লালকুঠি এলাকার একটি রাস্তাতে অজ্ঞাত ১০-১৫ জন দুর্বৃত্ত হঠাৎ ছুরি ও চাপাতি দিয়ে শুভর বাম পায়ের হাঁটুর নিচে, ডান উরুতে ও হাতে এবং পিঠে ও ঘাড়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত ও জখম করে। পরবর্তীতে তার পরিবার তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে পরবর্তীতে রাত ১০টা দশ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আহত শিক্ষার্থী শুভকে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে।