নির্যাতিত সেই শিশু গৃহকর্মীর খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
নির্যাতিত শিশু গৃহকর্মীকে দেখতে হাসপাতাল পরিদর্শন করেছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণিজ্য উপদেষ্টার কাছে টেলিফোনে মোহনার শারীরিক অবস্থার খোঁজ নেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন বাণিজ্য উপদেষ্টা।
এ সময় তিনি শিশুটির চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। শিশুটির উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই আমাকে তোমার খোঁজ নিতে পাঠিয়েছেন। তোমার আর ভয়ের কোনো কারণ নেই, আমরা তোমার পাশে আছি।’
পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেলিফোনে বাণিজ্য উপদেষ্টার কাছে মোহনার শারীরিক অবস্থার খোঁজ নেন। মোহনার সঙ্গে আচরণ জাতির জন্য লজ্জাজনক বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি মোহনার চিকিৎসারব্যয়সহ তার সব দায়িত্ব সরকার বহন করবে বলেও জানান।
বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সাংবাদিকদের বলেন, ‘শিশুর প্রতি এমন নিষ্ঠুরতা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। অপরাধীরা ইহকাল ও পরকালে উপযুক্ত শাস্তি পাবে।’
এছাড়া শিশুটির বাবাকে একটি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেয়ারও আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা।