মানুষ সচেতন না হলে আইন বাস্তবায়ন সম্ভব নয়: পরিবেশ উপদেষ্টা
আইন মানতে বাধ্য করা সরকারের কাজ হলেও মানুষ সচেতন না হলে আইন বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তিনি এ কথা বলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে শব্দদূষণমুক্ত রাখতে শুরু সমন্বিত অভিযানে অংশ নেন পরিবেশ উপদেষ্টা।
বিমানবন্দর এলাকাকে ‘নীরব জোন’ হিসেবে কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন। অভিযানে অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আইন মানতে মানুষকে সচেতন হওয়ার বিকল্প নেই। অভিযানে সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিভিলেশন অথরিটি যৌথভাবে কাজ করছে।
চালকদের উদ্দেশ্যে পরিবেশ উপদেষ্টা বলেন, হর্ন না বাজিয়ে গাড়ি চালানো সম্ভব এবং ঢাকা শহরেই সম্ভব। আমাদের গাড়ির চালকদের অভ্যাস হয়ে গেছে; হাতটা সব সময় হর্নের ওপর রাখার। কিছু দেখবার আগে হর্ন। লাল বাতি সবুজ হওয়ার সঙ্গে সঙ্গে হর্ন। এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। শব্দ দুষণ রোধে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানান তিনি।