Search

Search

মেলবোর্নে মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের ভাস্কর্য চুরি

অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ ভাস্কর্য | ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার মেলবোর্নের রোবিলে ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের সামনে স্থাপিত মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জের ভাস্কর্য চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৪২৬ কেজি ওজনের ভাস্কর্যটি ভারতের নয়াদিল্লিভিত্তিক ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যম অস্ট্রেলিয়া টুডে জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে পায়ের অংশ কেটে সম্পূর্ণ ভাস্কর্যটি নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ভাস্কর্যটির কাটা পায়ের অংশ ঘটনাস্থলে পড়ে আছে এবং কেবল পায়ের তালু দুটি সেখানে রয়ে গেছে। তবে এখন পর্যন্ত চুরির সঙ্গে জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি ব্রোঞ্জ ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, কেউ সন্দেহজনকভাবে ব্রোঞ্জ বিক্রি করতে এলে যেন তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটি সদস্য সান্তোস কুমার জানান, ভবনের আংশিক সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়েছে। পরদিন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

উল্লেখ্য, ভাস্কর্যটি ২০২১ সালে স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসন উপস্থিত ছিলেন। তবে স্থাপনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভাস্কর্যটিতে ভাঙচুর চালানো হয়েছিল বলে জানা যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

সম্পর্কিত খবর :