এপস্টিন ফাইল
ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল গিয়ে নাচ-গান করেন মোদি
এপস্টিন ফাইলের নতুন ছবি ও ভিডিও প্রকাশের পর ঝড় উঠেছে ভারতজুড়ে। এবারের নথিতে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। নথিতে দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করতে যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের কাছে পরামর্শ চান মোদি। তার পরামর্শেই হয় ২০১৭ সালের মোদির ইসরায়েল সফর। ইমেইল তথ্যে উঠে এসেছে ইসরায়েল গিয়ে মোদির নাচ-গান করার কথাও।
বহুল আলোচিত এপস্টিন ফাইলের আরও ৩০ লাখ নথি প্রকাশের পর রীতিমতো হইচই পড়ে গেছে পুরো বিশ্বে। এবারের নথিতে উঠে এসেছে যুক্তরাজ্যের সাবেক যুবরাজ প্রিন্স অ্যান্ড্রুসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ট্রাম্পকে খুশি করতে যৌন অপরাধী এপস্টিনের কাছে পরামর্শ চেয়েছিলেন মোদি। এক ইমেইলে এপস্টিন নিজেই জানিয়েছেন এ তথ্য।
এপস্টেইন বলেন, ট্রাম্পকে খুশি করতে তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দেন। এরপর তার পরামর্শ অনুযায়ী মোদি ২০১৭ সালে ইসরায়েল সফরে যান। সেখানে গিয়ে মোদি নাচ-গান করেন বলেও উল্লেখ আছে নথিতে।
তবে এ ঘটনা অস্বীকার করে নিন্দা জানিয়েছে মোদি প্রশাসন। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এপস্টিন ফাইলে মোদির নাম আসার বিষয়টি ভিত্তিহীন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জেফ্রি এপস্টিনের কথিত ইমেইলে প্রধানমন্ত্রী মোদির নাম থাকার বিষয়টি গালগল্প ছাড়া আর কিছুই নয়। তথাকথিত এপস্টিন ফাইলসে একটি ইমেইল বার্তার কথা দেখেছি। সেখানে প্রধানমন্ত্রী মোদি আর তার ইসরায়েল সফরের কথা উল্লেখ রয়েছে। সেখানে ২০১৭ সালের প্রধানমন্ত্রী মোদির ইসরায়েল সফরের তথ্য ছাড়া বাকি সব দাবিই সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানযোগ্য।
শুক্রবার এপস্টিন ফাইলের আরও নতুন লক্ষাধিক ছবি এবং ২ হাজার ভিডিও প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। সেখানে এপস্টিনের সঙ্গে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপরই বিশ্বজুড়েই সমালোচনার ঝড় ওঠে।