ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৫০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। গত শুক্রবারের এই দুর্ঘটনায় মাত্র একজন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রোববার রাতে ‘টাইমস অব মাল্টা’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পরে মাল্টার সশস্ত্র বাহিনী জানায়, সমুদ্র থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে একটি মালবাহী জাহাজ। তিউনিসিয়া উপকূল থেকে উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়। জীবিত উদ্ধার হওয়া ওই ব্যক্তি জানান, তিউনিসিয়া থেকে যাত্রা করা তাদের নৌকাটি মাঝসমুদ্রে ডুবে যায়। নৌকায় থাকা প্রায় ৫০ জন যাত্রীই প্রাণ হারিয়েছেন এবং তিনি নিজে প্রায় ২৪ ঘণ্টা পানিতে ভাসমান অবস্থায় ছিলেন।
অভিবাসনপ্রত্যাশীদের সহায়তা সংস্থা ‘অ্যালার্ম ফোন’ জানিয়েছে, গত সপ্তাহে তিউনিসিয়া থেকে ছেড়ে আসা তিনটি নৌকার অন্তত ১৫০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। তবে শুক্রবার ডুবে যাওয়া নৌকাটি সেগুলোরই একটি কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইউরোপে প্রবেশের আশায় তিউনিসিয়া ও লিবিয়া হয়ে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়তই এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা।
প্রায় এক যুগ ধরে এই যাত্রাপথটির উপর নজর রাখছে বেসরকারি সংস্থা মিসিং মাইগ্রেন্টস। সংস্থাটির সর্বশেষ তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত এই রুটে মোট ২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। গত বছর নিহত বা নিখোঁজের এই সংখ্যাটা ছিলএক হাজার ৮৭৩ জন।