Search

Search

আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বাংলাদেশের ‘স্কারলেট ইকোস’

জুলাই গণ–অভ্যুত্থানের দৃশ্য নিয়ে নির্মিত চলচ্চিত্র | সংগৃহীত
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের জন্য এসেছে নতুন সুখবর। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘৫৬তম টেম্পেয়ার চলচ্চিত্র উৎসব ২০২৬’-এর মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্কারলেট ইকোস’, যার বাংলা শিরোনাম ‘রক্তিম’।

৫৬তম টেম্পেয়ার চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়েছিল মোট ৭ হাজার ১২৫টি চলচ্চিত্র। তার মধ্যে নির্বাচিত হয় মাত্র ৬০টি চলচ্চিত্র এবং বাংলাদেশের এই সিনেমা সেই বিরল নির্বাচিত তালিকায় জায়গা করে নিয়েছে।


তরুণ নির্মাতা হেমন্ত সাদীকের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই সিনেমা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে তৈরি। এটি একটি ডকু-ফিকশনধর্মী চলচ্চিত্র, যেখানে আন্দোলনের বাস্তব ফুটেজের সঙ্গে ফিকশনাল দৃশ্যের অনন্য মেলবন্ধন ঘটানো হয়েছে।

আদনান নামের এক আলোকচিত্রীর জীবনকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি। যার ক্যামেরার লেন্স দেখা যাবে আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে ঢাকা শহরের রূঢ় বাস্তবতা, অনিশ্চয়তা এবং জনতার অদম্য আকাঙ্ক্ষাকে।

চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত আলোকচিত্রী তাহির জামান প্রিয়কে, যিনি আন্দোলনের সময় ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় গুলিতে নিহত হন।নির্মাতা হেমন্ত সাদীকের পূর্ববর্তী চলচ্চিত্র ‘আ লেটার টু গড’-এ দ্বিতীয় ইউনিট চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছিলেন প্রিয়। চলচ্চিত্রটি তাই শুধু ইতিহাসের সাক্ষী নয়, বরং প্রিয়সহ অনেক তরুণ শিল্পীর স্বপ্ন ও ত্যাগকে শ্রদ্ধা জ্ঞাপন করছে।

বিশ্বের ৪৪টি দেশের নির্বাচিত ৬০টি চলচ্চিত্রের মধ্যে ‘স্কারলেট ইকোস’একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র। তরুণ নির্মাতা হেমন্ত সাদীকের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সৃজনশীল শক্তিকে নতুন করে তুলে ধরেছে।

সম্পর্কিত খবর :