Search

Search

বাবরের নির্বাচনী প্রচারণায় তৃতীয় লিঙ্গের সংগঠন

লুৎফুজ্জামান বাবরের পক্ষে প্রচার চালাচ্ছেন তৃতীয় লিঙ্গ সংগঠন | স্টার নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে প্রচারাভিযান চালিয়েছে তৃতীয় লিঙ্গ সংগঠন ‘স্বপ্নের ছোঁয়া সমাজ কল্যাণ সংস্থা’।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে বুড়া পীর মাজার থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লুৎফুজ্জামান বাবরের নিজ বাড়িতে গিয়ে শেষ হয়। এ সময় সংগঠনের সদস্যরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বাবরকে জয়যুক্ত করার আহ্বান জানান।

মিছিল শেষে সংগঠনের সভাপতি মেহেদী হাসান স্বর্ণ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর কারা নির্যাতনের মধ্য দিয়েও লুৎফুজ্জামান বাবর মানুষের অধিকার ও ন্যায়ের প্রশ্নে আপোশহীন ছিলেন। তাকে নির্বাচিত করা হলে মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী এলাকার মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিয়ে বাবর ভাইকে সংসদে পাঠিয়ে আমরা আবারও তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চাই।’

মিছিলে সংগঠনের প্রিয়াংকা, সেজ্যতি তালুকদার সোনালী, মো. শরীফ মিয়া, রাসেল মিয়া, মো. সাখাওয়াত মিনা, তুলসি আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন।

উল্লেখ্য, এই আসনে লুৎফুজ্জামান বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আল-হেলাল তালুকদার। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থীরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নেত্রকোণা-৪ আসনের সাধারণ ভোটারদের ধারণা, লুৎফুজ্জামান বাবরের মূল লড়াই হবে জামায়াত প্রার্থী আল-হেলাল তালুকদারের সঙ্গে।

সম্পর্কিত খবর :