মুন্সীগঞ্জে পিকআপ চাপায় যুবকের মৃত্যু, পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় পিকআপ ভ্যানের ধাক্কায় ফারহান ফয়সাল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও তার সহযোগীকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করতে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মিরকাদিম পৌরসভার গোয়ালঘুর্নি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি যমুনা ব্যাংকের আলদি শাখার কর্মী।
আটককৃতরা হলেন— পিকআপ চালক লিটন (২৮) ও তার সহযোগী মাইনুদ্দিন (২৬)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে গোয়ালঘুর্নি মসজিদের সামনে দ্রুতগতির একটি পিকআপভ্যান ফয়সালকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে পিকআপসহ চালক ও সহযোগীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি হয়।
এ সময় উত্তেজিত জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মুক্তারপুর-শ্রীনগর সড়কের সিপাহিপাড়া চৌরাস্তায় অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সীগঞ্জেরপুলিশ সুপার মো. মেনহাজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চালক ও সহযোগী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের উদ্ধার করতে গিয়ে জনরোষের মুখে পড়তে হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।