নোয়াখালীতে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
নোয়াখালী সদরে শ্রেণিকক্ষে শিশু শিক্ষার্থীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুহুল আমিন (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে অভিযুক্ত রুহুল আমিনকে। এর আগে, মঙ্গলবার বিকেলে কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম ।
গ্রেপ্তার মো. রুহুল আমিন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কালাদরাফ ইউনিয়নের একটি মাদ্রাসায় টিফিন বিরতির সময় অভিযুক্ত রুহুল আমিন প্রথম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। পরে ওই শিশু বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে তারা থানায় অভিযোগ করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম স্টার নিউজকে বলেন, গ্রেপ্তারের পর আসামি রুহুল আমিন অপরাধের কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।