Search

Search

১৮ টাকার ক্যানুলা ৪০, লাজ ফার্মাকে জরিমানা

নোয়াখালী সদরের ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মা | ছবি: স্টার নিউজ
অতিরিক্ত মূল্যে ক্যানুলা বিক্রি করায় নোয়াখালী সদরের ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা কার্যালয়ে শুনানির পর এ দণ্ডাদেশ দেন অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি কবিরহাট এলাকার বাসিন্দা হারুনুর রশিদ মাইজদী লাজ ফার্মায় ক্যানুলা কিনতে যান। সেখানে পণ্যটির প্রকৃত মূল্য ঢেকে রেখে ১৮ টাকার ক্যানুলা ৪০ টাকা এবং ২২ টাকার ক্যানুলা ৬০ টাকায় বিক্রি করা হয়। ভুক্তভোগী ক্রেতা তাৎক্ষণিক প্রতিবাদ করেও কোনো প্রতিকার না পেয়ে গত ২২ জানুয়ারি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

মঙ্গলবার শুনানিতে অভিযোগটি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ শতভাগ প্রমাণিত হয়েছে। লাজ ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে এবং আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ (৫ হাজার টাকা) অভিযোগকারীকে দেওয়া হয়েছে।’

ভুক্তভোগী হারুনুর রশিদ রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ ও আইনি প্রতিকার পেয়ে তিনি খুশি।

সম্পর্কিত খবর :