Search

Search

‘চাঁদা না দেওয়ায়’ ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর হামলা

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে হামলায় আহত সাংবাদিক | ছবি: স্টার নিউজ
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ‘চাঁদা না দেওয়ায়’ ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পিকনিক শেষে ফেরার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যরা পার্কটিতে পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের গাড়ীগুলো পার্কের বাইরের রাস্তার পাশে পার্ক করা ছিল। গাড়ীগুলো আসার সময় সেগুলো চাঁদা দাবি করে বসে স্থানীয় দুর্বৃত্তরা। এ সময় বাসে থাকা সাংবাদিকরা প্রতিবাদ করতে গেলে তাদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়৷ পরে তারা জড়ো হয়ে মব তৈরির চেষ্টা করে।

এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে রড, দেশীয় অস্ত্রসহ দিয়ে একযোগে অতর্কিত হামলা চালায়। এতে সাংবাদিক মোহাম্মদ শাহেদ, এসএম ফয়েজ, মো. মহসিন ও ক্র্যাবের স্টাফ লাল আহত হন।

সন্ত্রাসীদের হামলায় মাথাসহ শরীরের গুরুত্বপূর্ণ স্থানে গুরুতর জখম হন আহতরা।

হামলার শিকার সাংবাদিকরা জানান, সাদা পাঞ্জাবি পরিহিত এক দুর্বৃত্তের নেতৃত্ব তার সহযোগীরা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এমনকি গুলি করার হুমকিও দেন। তারা আরও উত্তেজিত হয়ে সাংবাদিক পরিবারের শিশু-নারীসহ বাসে অবস্থানরতের ওপর আগুন দেয়ার চেষ্টাও করেন।

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করেন, ঘটনার পরপর জেলা পুলিশ সুপারকে ফোন করা হয়। তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কিন্তু পুলিশ আসতে দেরি হওয়ায় দুর্বৃত্তরা আরও বেপরোয়াভাবে হামলা চালায়।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক গণমাধ্যমকে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। ঘটনায় দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর :