ইতিহাস গড়া সাফল্য
ওয়ালমার্টের বাজারমূল্য পৌঁছাল ১ ট্রিলিয়ন ডলারে
ইতিহাসে প্রথমবারের মতো কোনো খুচরা বিক্রেতা হিসেবে ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছুঁয়েছে ওয়ালমার্ট। এক বছরে কোম্পানিটির শেয়ারদর প্রায় ২৬ শতাংশ বেড়েছে, এর মাধ্যমে এনভিডিয়া ও অ্যালফাবেটের মতো বিগ টেক জায়ান্টদের কাতারে জায়গা করে নিয়েছে এটি।
ওয়ালমার্টের এই উত্থানের উল্লেখযোগ্য কারণ, প্রতিষ্ঠানটি যেমন একসঙ্গে উচ্চ আয়ের ক্রেতাদের জন্য দাম ও সুবিধা নিশ্চিত করতে পেরেছে, তেমনি সুবিধা দিয়ে ধরে রেখেছে তাদের নিম্ন আয়ের ক্রেতাদেরও।
অনলাইন মার্কেটপ্লেস সম্প্রসারণ, দ্রুত ডেলিভারি, ওয়ালমার্ট প্লাস সেবা এবং বিজ্ঞাপন ব্যবসা প্রতিষ্ঠানটির আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ওয়ালমার্ট অনেক আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে বড় বিনিয়োগ শুরু করে। এতে পণ্য সরবরাহ ও মজুত ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় করা হয়েছে, ফলে দোকানে আরও তাজা পণ্য রাখা সম্ভব হয়েছে এবং ডেলিভারি হয়েছে দ্রুত। একই সঙ্গে বিক্রি ও চাহিদা বোঝার কাজও সহজ হয়েছে। এর কারণে প্রতিষ্ঠানটি অন্যদের চেয়ে এগিয়ে আছে।
এলএসইজি-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের যেসব দোকান আগেও ছিল, সেগুলোর বিক্রি টানা প্রায় চার বছর ধরে ধারণার চেয়েও বেশি হয়েছে।